press · 7/1/2026
৩৬ জুলাই উদযাপন ২০২৬ উপলক্ষে সাংবাদিক সম্মেলন আয়োজন করে NDF
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের আত্মত্যাগের স্বীকৃতি এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান সংরক্ষণের পাশাপাশি গবেষণা, ডকুমেন্টেশন ও জনসম্পৃক্ততার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১ জুলাই) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘৩৬ জুলাই উদযাপন ২০২৬’ উপলক্ষে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ জুলাই কর্মসূচির উদ্বোধন, ওয়েবসাইট চালু এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। এরপর ১৫ জুলাই পর্যন্ত নিবন্ধন ও প্রস্তুতিমূলক কার্যক্রম, ১৭ থেকে ৩১ জুলাই বিভিন্ন আয়োজন এবং ১ থেকে ৮ আগস্ট সমাপনী পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত হবে। চূড়ান্ত অনুষ্ঠান হবে আগামী ৯ আগস্ট।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই মেডিকেল কনফারেন্স, ‘রান ফর জুলাই’, কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা, শহীদ আব্দুল আহাদ কিডস ফেস্ট ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী, শহীদ আলী রায়হান কালচারাল ফেস্ট, শহীদ হাজী শরীফ ওসমানকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, জুলাই মেমোরি প্রকাশনা, জুলাই প্রদর্শনী এবং এনডিএফ '৩৬ জুলাই অ্যাওয়ার্ড'।
এ ছাড়া জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে গবেষণাপত্র, প্রবন্ধ, স্মৃতিকথা, সাক্ষাৎকার, আলোকচিত্র, ভিডিও, সংবাদ প্রতিবেদন ও অন্যান্য প্রামাণ্য দলিল সংগ্রহ করা হবে। এ কাজে গণমাধ্যমকর্মী, গবেষক ও সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তরুণ সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগেই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হবে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত হবে।